• ২৫ কার্তিক ১৪৩৩, রবিবার ১৫ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Group D

কলকাতা

এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে বড় খবর! ইন্টারভিউয়ের তালিকায় কারা, দেখে নিন নাম

এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে বড় খবর। বৃহস্পতিবার ইন্টারভিউয়ের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। কমিশনের সরকারি ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩৮ হাজার প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। কারা এই তালিকায় জায়গা পেয়েছেন, তা কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন চাকরিপ্রার্থীরা।কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ১৪ অক্টোবর ২০২৬ তারিখে জমা দেওয়া সংশোধিত শূন্যপদের হিসাবের ভিত্তিতে এই প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। ২০২৫ সালের প্রথম রাজ্যস্তরের বাছাই পরীক্ষা বা এসএলএসটি-র মাধ্যমে নন-টিচিং স্টাফের ক্লার্ক পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নাম এই তালিকায় রাখা হয়েছে।প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের সরকারি ওয়েবসাইটে গিয়ে প্রকাশিত তালিকায় নিজেদের নাম খুঁজে নিতে পারবেন। নামের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় তথ্যও মিলিয়ে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পরবর্তী ধাপে প্রার্থীদের মূল নথি, শংসাপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে। পাশাপাশি নেওয়া হবে ইন্টারভিউ। তবে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের দিনক্ষণ এখনও জানায়নি কমিশন। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কমিশনের ওয়েবসাইটে।কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রুপ ডি পদের পরীক্ষা হয়েছে ১ মার্চ। অন্য দিকে, গ্রুপ সি পদের পরীক্ষা হওয়ার কথা ৮ মার্চ। গ্রুপ সি পদে শূন্যপদের সংখ্যা ২,৯৮৯। গ্রুপ ডি পদে শূন্যপদ রয়েছে ৫,৪৮৮টি। এই দুই পদে নিয়োগের জন্যই প্রার্থীদের পরবর্তী ধাপের প্রক্রিয়া শুরু হতে চলেছে।উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ২০২৬ সালের মার্চ মাসে আলাদা দিনে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের পরীক্ষা নেওয়া হয়। তবে বিধানসভা নির্বাচনের কারণে ফল প্রকাশ পিছিয়ে যায় বলে জানা গিয়েছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ইন্টারভিউয়ের প্রাথমিক তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ফলে নতুন করে আশায় বুক বাঁধছেন চাকরিপ্রার্থীরা।

নভেম্বর ০৫, ২০২৬
রাজ্য

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! সরকারি স্কুলে হাজার-হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) ১ম State Level Selection Test (SLST) 2025এই মাধ্যমে সরকারি-অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ে নন-টিচিং স্টাফ বা শিক্ষাকর্মী নিয়োগ শুরু হচ্ছে। গতকাল ২৯ আগস্ট ২০২৫ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে মোট ৮,৪৭৭টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে: Group C (ক্লার্ক)-এর ২,৯৮৯টি শূন্যপদ রয়েছে এবং Group D (নন-টিচিং স্টাফ)-এর ৫,৪৮৮টি শূন্যপদ রয়েছে।এই নিয়োগ প্রক্রিয়াটি সুপ্রিম কোর্ট-এর ৩ এপ্রিল ২০২৫-এর আদেশ অনুযায়ী জারি হয়েছে এবং WBSSC-এর ২০২৫ নিয়মাবলীর অধীনে এই গোটা প্রক্রিয়া পরিচালিত হবে।এই প্রায় সাড়ে ৮ হাজার শূন্যপদে অনলাইন আবেদন শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫টা থেকে।আবেদনের শেষ তারিখ, আগামী ৩১ অক্টোবর ২০২৫, বিকাল ৫টা পর্যন্ত। ফি জমার শেষ সময়, ৩১ অক্টোবর ২০২৫ রাত ১১:৫৯ পর্যন্ত। বিশদ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্য ৩১ আগস্ট ২০২৫ থেকে WBSSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.westbengalssc.com) পাওয়া যাবে।

আগস্ট ৩০, ২০২৫
রাজ্য

বড় সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার, সাময়িক সুরাহা, চাকরিহারা শিক্ষা কর্মীদের জন্য মাসিক ভাতা ঘোষণা মমতার

পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি একটি নতুন ভাতা প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে চাকরি হারানো গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই সিদ্ধান্তটি ২০২৫ সালের ১৪ মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে।এই প্রকল্পের নাম ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড এন্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টেরিম স্কিম (West Bengal Livelihood and Social Security Interim Scheme),ভাতা পরিমাণ:গ্রুপ সি কর্মীদের জন্য মাসিক ₹২৫,০০০, গ্রুপ ডি কর্মীদের জন্য মাসিক ₹২০,০০০, এই স্কিম কার্যকরের তারিখ ১ এপ্রিল ২০২৫ থেকে এবং এই প্রকল্পের তত্ত্বাবধান করবে রাজ্য শ্রম দফতরের।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সাংবাদিক সন্মেলনে জানিয়েছেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো ২৫,৭৫২ জন স্কুল কর্মচারীর আর্থিক দুর্দশা লাঘব করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, এই ভাতা প্রদান চলবে যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টে দায়ের করা রিভিউ পিটিশনের নিষ্পত্তি হয়। তিনি আরও উল্লেখ করেন, এই উদ্যোগটি মানবিকতার দিক বিবেচনা করে নেওয়া হয়েছে, যাতে চাকরি হারানো কর্মীরা তাদের পরিবারের জীবিকা নির্বাহ করতে পারেন।যদিও অনেক কর্মী এই ভাতা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন, তবুও তাদের মূল দাবি চাকরিতে পুনর্বহাল হওয়া। একজন প্রাক্তন কর্মী কৌশিক রঞ্জন মণ্ডল বলেন, ভাতা সমাধান নয়। আমি মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের প্রশংসা করি, তবে আমরা চাই আমাদের চাকরি ফিরে আসুক।তৃণমূল কর্মী সংগঠনের পক্ষ থেকে দাবী করা হচ্ছে যে, এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রমাণ করেছে যে তারা চাকরি হারানো কর্মীদের পাশে রয়েছে এবং তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মে ১৫, ২০২৫
কলকাতা

"লেখাপড়া করে যে, অনাহারে মরে সে"-এই প্রতীকী কথায় কি গ্রুপ-ডি প্রার্থীদের আপ্ত বাক্য হতে বসেছে?

শনিবার কলকাতায় মাতঙ্গিনী হাজরার মুর্তির পাদদেশে ৫০০ দিনে পড়েছে রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি প্রার্থীদের ধর্ণা অবস্থান। চাকরি প্রার্থীদের তরফে আশিষ খামরাই জানান, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের মুখে মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আমাদের জানিয়েছিলেন, গ্রুপ-ডি তে ৬০ হাজার পদে কর্মী নিয়োগ হবে। ২০১৭ তে ৬০০০ শূন্যপদে কর্মীনিয়োগের বিজ্ঞপ্তি ও জারি করা হয়। সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে প্রায় ২৫ লক্ষ্য চাকরি প্রার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে পরীক্ষায় বসেছিলেন প্রায় ১৯ লক্ষ্য প্রার্থী এবং পাশ করেন ১৮ হাজার পার্থী, সবশেষে ইন্টারভিউ নেওয়ার পর মাত্র ৫৪২২ জন প্রার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়। ৬০০০ শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোনোর পরও ৫৪২২ জনের মেধা তালিকা তৈরী হওয়ায় চাকরি প্রার্থীরা প্রতিবাদ স্বরূপ ধর্ণায় বসেন। বাকিদের মেধা তালিকায় নাম না থাকায় প্রশ্ন উঠেছে, এমনকি ৫৪২২ জনের মেধা তালিকা নিয়েও ধোঁয়াশা রয়েছে। এই উপলক্ষে তারা ধর্ণা স্থানে প্রতীকী হিসেবে ফাঁসির মঞ্চ তৈরী করেছেন। তারা আরও জানান যে, তারা রাজ্যপালের কাছেও স্মারকলিপিও জমা দেবেন এবং সেখানে প্রতিবাদের চিহ্ন হিসেবে ব্যবহার করবেন - লেখাপড়া করে যে, অনাহারে মরে সে এই উক্তিটি। যতার্থই এই শিরোনাম তাদের জীবনের কঠিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।রাস্তায় জীবন কাটছে তাদের। রাস্তায় দিনের পর দিন ধর্ণা দিয়েও চাকরি জোগাড় না করতে পেরে হতাশা ও মানসিক সমস্যার সঙ্গে লড়াই করেছিলেন তারা। অনেকেই ছোটোখাটো চাকরি করে জীবন যাপন করছেন।

জানুয়ারি ০৭, ২০২৪
কলকাতা

এসএসসি গ্রুপ ডি মামলায় ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব

গ্রুপ সি-র পর এবার এসএসসি-র গ্রুপ ডি নিয়োগ মামলাতেও সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে জানাল ৪৮ ঘণ্টার মধ্যে এই মামলার রিপোর্ট কমিটিকে জমা দিতে হবে আদালতের কাছে।স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে প্রায় ৮০০ জনের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই ঘটনার সিবিআই তদন্তেরও নির্দেশ দেয় একক বেঞ্চ। তবে রাজ্য একক বেঞ্চের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায়। গত ১৮ ফেব্রুয়ারি দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ গ্রুপ সি নিয়োগে দুর্নীতি মামলাটিতেও স্থগিতাদেশ দেয়।প্রসঙ্গত, গ্রুপ ডি পদে যে ৫৭৩ জনের নিয়োগ দুর্নীতির মামলা হয়েছে তাতে অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ শুক্রবার পর্যন্ত বজায় রাখল কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।আদালতের আরও নির্দেশ, আদালতের কাছে জমা পড়া ভুয়া নিয়োগ সুপারিশপত্র সঙ্গে বাগ কমিটির কাছে থাকা নথি মিলিয়ে দেখতে চায় ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের নির্দেশ, বৃহস্পতিবার কমিটির কোনও প্রতিনিধি তাদের কাছে জমা পড়া নিয়োগ সুপারিশপত্রের কিছু নমুনা মুখবন্ধ খামে জমা দেবে আদালতে।

ফেব্রুয়ারি ২২, ২০২২
কলকাতা

SSC Group D: সিবিআই তদন্ত নয়, গ্রুপ ডি মামলায় তদন্ত করবে সিট, নির্দেশ হাইকোর্টের

স্কুল সার্ভিস কমিশনের চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলায় সিবিআই তদন্ত হবে না। বদলে গ্রুপ ডি কর্মী নিয়োগে বেনিয়ম হয়েছিল কি না বা হলে কী ভাবে হয়েছিল, তা খতিয়ে দেখবে বিশেষ অনুসন্ধানকারী দল। সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। একই সঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অবসরপ্রাপ্ত এক বিচারপতিকে মাথায় রেখে বিশেষ অনুসন্ধানকারী দল গড়ে এই মামলার অনুসন্ধান করতে হবে।এসএসসি-র গ্রুপ ডি নিয়োগে বেনিয়মের অভিযোগ নিয়ে এর আগে সিবিআইকে অনুসন্ধানের দায়িত্ব দিয়েছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে পাল্টা আবেদন করে। সোমবার তারই শুনানি ছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। শুনানিতে একক বেঞ্চের রায় খারিজ করে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, গ্ৰুপ-ডি নিয়োগ মামলার অনুসন্ধান করবে বিশেষ অনুসন্ধানকারী দল। প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে ওই দলে থাকবেন স্কুল সার্ভিস কমিশনের আশুতোষ ঘোষ, মধ্যশিক্ষা পর্ষদের সহ-সচিব( প্রশাসন) পারমিতা রায় এবং হাইকোর্টের আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়। তিন সদস্যের এই অনুসন্ধানকারী দল গঠন করে আদালত জানিয়েছে, দলের সমস্ত ব্যয়ভার বহন করবে রাজ্য। একই সঙ্গে দুমাসের মধ্যে অনুসন্ধানের কাজ শেষ করতে হবে বলেও জানিয়ে দিয়েছে হাইকোর্ট।

ডিসেম্বর ০৬, ২০২১
কলকাতা

SSC-CBI: এসএসসি নিয়ে এখনই সিবিআই তদন্ত নয়

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ-দুর্নীতি মামলায় আপাতত তদন্ত শুরু করতে পারছে না সিবিআই। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ যে রায় দিয়েছিল, তাতে তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।স্কুলে গ্রুপ-ডি বা চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলায় সিবিআইয়ের হাতে প্রাথমিক তদন্ত ভার দিয়েছিল কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। বুধবার বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই বিষয়ে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন। তাই তিন সপ্তাহের জন্য ওই নির্দেশ স্থগিত থাকবে। এখন এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদকে সমস্ত তথ্য মুখবন্ধ খামে আদালতের কাছে জমা দিতে হবে। একক বেঞ্চের নির্দেশ মোতাবেক যা সিবিআইয়ের কাছে জমা দেওয়ার কথা ছিল।

নভেম্বর ২৪, ২০২১
কলকাতা

SSC-CBI: এসএসসি গ্রুপ ডি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসএসসি গ্রুপ ডি নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ সোমবার এই নির্দেশ দেয়। মধ্যশিক্ষা পর্ষদের হলফনামার পর সিবিআইয়ের অনুসন্ধানের প্রয়োজন আছে বলেই মনে করছে হাইকোর্ট। সিবিআই কমিটি গঠন করে এই অনুসন্ধান করুক চায় আদালত। এদিন ৫০০ জনের তালিকা জমা নিল আদালত। কবে তাঁরা নিয়োগ হয়েছেন, সেটা জানাতে হবে।এদিন মামলাকারীদের তরফে ৫০০ জনের নামের তালিকা তুলে দেওয়া হয় আদালতে। এদের নিয়োগ নিয়ম বহির্ভূতভাবে হয়েছে বলে অভিযোগ। একই সঙ্গে এদিন বোর্ডের পক্ষ থেকে হলফনামা জমা পরে। সেখানে বলা হয়, কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ এসেছিল তার সফট কপি আছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। তারা গ্রুপ সি ও ডি-র নিয়োগ সেখান থেকেই করেছেন। পেন ড্রাইভে তার তথ্য আছে।এদিন শুনানি চলাকালীন এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক তিরষ্কার করেছেন। একদিকে রয়েছে কমিশন, অন্যদিকে বোর্ড। কমিশন যে সুপারিশ করেনি বলে বার বার দাবি করেছে, সোমবার হলফনামা দিয়ে বোর্ড জানাল কী ভাবে সেই সুপারিশ হয়েছিল। পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা পড়েছে আদালতের কাছে। সফট কপি জমা পড়েছে, পেন ড্রাইভ দেওয়া হয়েছে। তার পরও কমিশন কী করে বলছে সুপারিশ করেনি, সে প্রশ্ন ওঠে এজলাসে।বিচারপতি জানতে চান, কমিশনের সুপারিশ যদি না-ই থাকে, তা হলে কার অদৃশ্য হাত এখানে রয়েছে? কার সুপারিশে ২৫ জন চাকরি পেলেন। দুবছর হতে চলল তাঁরা সে চাকরি করছেন। পাশাপাশি বিচারপতি বলেন, এই ঘটনার জন্য তিনি সিবিআই এনকোয়ারি চান। এর কারণ যে রাজ্য পুলিশে অনাস্থা এমনটা নয়। কোনও বিশেষ রাজনৈতিক দলকে তিনি অসম্মান করতে চান এমনও নয়। যেহেতু এ ক্ষেত্রে একটা বড় ষড়যন্ত্র চলছে, মানুষের স্বার্থে তা কখনওই মেনে নেওয়া যায় না। এ ক্ষেত্রে কোথাও গিয়ে সিবিআইয়ের অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। রাজ্য পুলিশের ক্ষেত্রে রাজ্য সরকারের অধীনে তাদের কাজ করতে হয়। তাই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথা বলেছেন।

নভেম্বর ২২, ২০২১
কলকাতা

NRS: ডোমের চাকরির আবেদনে উচ্চ শিক্ষিতরা

হাসপাতালের লাশ কাটা ঘরে কাজ করতে চেয়ে উচ্চ শিক্ষিতদের আবেদন জমা পড়েছে এনআরএসে। সোজা কথায় বললে, ডোমের চাকরি করতে এদিয়ে এসেছেন সমাজের উচ্চ শিক্ষিত যুবরা! কাজে ছজনকে নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। সেই কাজ করতে চেয়ে কম করে দুহাজার আবেদনপত্র জমা পড়েছে। হাসপাতাল জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে অধিকাংশই উচ্চশিক্ষিত। ইঞ্জিনিয়ার-সহ বিভিন্ন বিষয়ের স্নাতকোত্তররাও রয়েছেন তালিকায়।আরও পড়ুনঃ অনিন্দ্য ব্যানার্জির শর্ট ফিল্মে বিশেষ চরিত্রে পৃথাহাসপাতালের ডোমের চাকরির জন্য আবেদন চেয়ে গত ডিসেম্বরেই বিজ্ঞাপনটি দিয়েছিলেন এনআরএস কর্তৃপক্ষ। ছটি শূন্যপদ। ন্যূনতম যোগ্যতা অষ্টম উত্তীর্ণ। তা ছাড়া প্রার্থী ডোমের পরিবারের সঙ্গে যুক্ত হলে বা তাঁর লাশঘরে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন বলেও জানিয়েছিলেন এনআরএস কর্তৃপক্ষ। তবে আবেদনকারীরা সেই সব শর্তের পরোয়া করেননি। বরং প্রচুর স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী ওই কাজ করতে চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন, হাসপাতালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিরা।পরীক্ষার ভিত্তিতেই চাকরি। এনআরএস সূত্রে জানানো হয়েছে, দুহাজার আবেদনের মধ্যে ৭৯৮ জনকে পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। তবে অতি যোগ্য প্রার্থীদের ভিড়ে ডাক পাননি ডোমের পরিবারের সঙ্গে যুক্ত থাকা বহু প্রার্থীই। এ থেকেই স্পষ্ট দেশের বেকারত্বের পরিস্থিতি।

জুলাই ২৩, ২০২১
কলকাতা

National Medical College: ধর্মঘটে ন্যাশনাল মেডিক্যালের গ্রুপ ডি কর্মীরা

সমবেতনের দাবিতে কর্মবিরতিতে গেলেন পার্কসার্কাসের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজের গ্রুপ ডি-র কর্মচারীরা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তাঁদের দীর্ঘ দিনের দাবি, একই ধরনের কাজে গ্রুপ ডি অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের সমবেতন দেওয়া হোক। সেই দাবি না মানায় বৃহস্পতিবার সকাল থেকে তাঁরা কাজ বন্ধ করে দিয়েছেন। তার ফলে হাসপাতালে রোগী পরিষেবা ব্যাপকভাবে ব্যাহতও হচ্ছে। তবে কর্তৃপক্ষের আশা, আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলা যাবে।তবে কখন সেই আলোচনা শুরু হবে তা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। আরও পড়ুনঃ বকখালিতে মর্মান্তিক মৃত্যু ৯ মৎস্যজীবীরগ্রুপ ডি কর্মীদের একাংশের দাবি, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের আগেও এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কাছে দাবিপত্র পেশ করেছিলেন তাঁরা। কিন্তু ভোটের ফল প্রকাশের পর দুমাস কেটে যাওয়া সত্ত্বেও দাবি পূরণ না হওয়ায় প্রতিবাদে নেমে নিজেদের কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, মূলত হাসপাতালের ওয়ার্ডেরই কাজকর্ম করে থাকেন গ্রুপ ডি কর্মীরা। কোভিড পরিস্থিতির মধ্যে হাসপাতালের কাজ বন্ধ হয়ে গেলে রোগীরা বড় সমস্যায় পড়তে পারেন।

জুলাই ১৫, ২০২১

ট্রেন্ডিং

কলকাতা

ফের বিপাকে অভিষেক! জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে পোস্ট, শনিবারই থানায় হাজিরার নির্দেশ

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে সমাজমাধ্যমে করা একটি পোস্ট ঘিরে নতুন করে বিতর্কে জড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে গুজরাটিদের ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফের অভিষেককে তলব করল পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে তাঁকে ভবানীপুর থানায় হাজির হতে বলা হয়েছে।জ্ঞানেশ কুমারকে বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল বলে কটাক্ষ করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন অভিষেক। সেই পোস্টের বিরুদ্ধে গত ২৭ মে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্ণবকান্তি দাস। অভিযোগকারীর দাবি, একজন সাংসদের কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য প্রত্যাশিত নয়। এই ধরনের মন্তব্যের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতি নষ্ট হতে পারে বলেও অভিযোগ করেন তিনি।অভিষেকের বিরুদ্ধে হিংসা ও বিদ্বেষ ছড়ানো, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা এবং গুজব ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। সেই মামলার তদন্তের জন্যই শনিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে অভিষেককে ভবানীপুর থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তবে এই একটি মামলাই নয়, এর আগেও পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলার সূত্রেই শুক্রবার কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁকে নোটিস দেয় পুলিশ।গত ২৯ অক্টোবর সংবাদমাধ্যমের সামনে অভিষেক অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। সরকার বদল হলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তাঁর এই মন্তব্যের পরেই বিতর্ক শুরু হয়।এর পর ৩১ অক্টোবর এক মহিলা অভিষেকের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়। শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে অভিষেকের বাড়িতে পৌঁছয় গিরিশ পার্ক থানার পুলিশ। সেখানে তাঁকে হাজিরার নোটিস দেওয়া হয়। আগামী ২০ নভেম্বর থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।পুলিশের তরফে জানানো হয়েছে, অভিষেকের বাড়ির সদস্যরা নোটিসটি গ্রহণ করেছেন।এক দিকে জ্ঞানেশ কুমারকে নিয়ে সমাজমাধ্যমে করা পোস্টের জেরে ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ, অন্য দিকে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে গিরিশ পার্ক থানার নোটিস। পর পর দুটি ঘটনায় নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুই মামলায় কী পদক্ষেপ করেন, এখন সে দিকেই নজর রয়েছে।

নভেম্বর ১৪, ২০২৬
দেশ

বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, কিন্তু ভারত দিল দু’টি কঠিন শর্ত! কী হবে তাঁর প্রত্যাবর্তনের ভবিষ্যৎ?

২০২৪ সালের ৫ অগস্ট। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তখন উত্তাল। আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক বিমানে করে ভারতে এসে আশ্রয় নেন তিনি। তার পর কেটে গিয়েছে প্রায় আড়াই বছর। কিন্তু এখনও বাংলাদেশে ফেরা হয়নি তাঁর। এ বার অবশ্য দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন হাসিনা নিজেই। ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছেন তিনি। কিন্তু তাঁর প্রত্যাবর্তনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একাধিক বিষয়। নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও তা খারিজ করে দিয়েছে বাংলাদেশের সরকার। তা হলে কী ভাবে দেশে ফিরবেন শেখ হাসিনা? এই প্রশ্নের মধ্যেই সামনে এসেছে ভারতের দুটি শর্ত।বাংলাদেশ ছাড়ার পর থেকেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। প্রতিবেশী দেশের তৎকালীন প্রধানমন্ত্রী হিসাবে তিনি যখন আশ্রয় চেয়েছিলেন, তখন তাঁকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। হাসিনার পরিবারের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্কও এই সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। তবে বর্তমানে তাঁর বাংলাদেশে ফেরার বিষয়টি নিয়ে ভারতের অবস্থান কিছুটা স্পষ্ট করেছে বিদেশ মন্ত্রক। নয়াদিল্লির বক্তব্য, বিষয়টি সম্পূর্ণ আইনি। সেই অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ করা হবে।এরই মধ্যে হাসিনার প্রত্যর্পণ নিয়ে দুটি শর্তের কথা সামনে এসেছে। বিবিসি বাংলার একটি প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে এই দুটি শর্ত দিয়েছে ভারত। যদিও এই বিষয়ে ভারত সরকারের তরফে এখনও কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি।প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রথম শর্ত হল, হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে হবে সে দেশের সেনাবাহিনীকে। ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ ছাড়ার সময় সামরিক বিমানে চেপেই ভারতের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছেছিলেন তিনি। এ বার বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রেও সেনাবাহিনীর ভূমিকা চায় নয়াদিল্লি। আকাশপথে হোক বা স্থলপথে, বাংলাদেশের সেনাবাহিনীকেই তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনীয় যাতায়াত ও অন্যান্য ব্যবস্থার ক্ষেত্রে ভারত সাহায্য করতে পারে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।দ্বিতীয় শর্তটি আরও গুরুত্বপূর্ণ। জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারতের দাবি, বাংলাদেশে ফিরলে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পেতে হবে তাঁকে। শুধু তা-ই নয়, মামলাটির বিচারপ্রক্রিয়া নতুন করে শুরু করার সুযোগও নিশ্চিত করতে হবে। তবে এই শর্তের মাধ্যমে বাংলাদেশের বিচারব্যবস্থায় ভারত হস্তক্ষেপ করছে, এমন কোনও পরিস্থিতি তৈরি হোক, তা চায় না নয়াদিল্লি।উল্লেখ্য, বাংলাদেশ ছাড়ার পর প্রথমে লন্ডনে যাওয়ার ইচ্ছা ছিল শেখ হাসিনার। কিন্তু ব্রিটেনের সরকার তাঁকে আশ্রয় দিতে রাজি হয়নি বলে জানা যায়। ফলে শেষ পর্যন্ত ভারতেই থেকে যান তিনি। অন্য দিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেই আবেদনের বিষয়ে দীর্ঘদিন কোনও স্পষ্ট জবাব দেয়নি নয়াদিল্লি।সূত্রের দাবি, ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে গিয়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লিগের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়েছে। দলটিকে আবার সক্রিয় করতে হলে হাসিনার দেশে ফেরা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই পরিস্থিতিতে ভারতের প্রস্তাব বিবেচনা করেই বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি বলে খবর।তবে সব কিছু নির্ভর করছে বাংলাদেশের সরকারের পরবর্তী সিদ্ধান্তের উপর। ভারতের শর্তে ঢাকা রাজি হবে কি না, হাসিনার আপিলের সুযোগ নিশ্চিত করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা আদৌ সম্ভব হবে কি না, এখন সেই প্রশ্নই ঘুরছে দুই দেশের রাজনৈতিক মহলে।

নভেম্বর ১৪, ২০২৬
রাজ্য

জাঁকিয়ে শীতের আগেই বড় বিপত্তি! বঙ্গোপসাগরে ফুঁসছে শক্তিশালী নিম্নচাপ, সরাসরি বাংলাতেই কি আঘাত?

নভেম্বরের মাঝামাঝি এসেও জাঁকিয়ে শীতের দেখা নেই, উল্টে বৃষ্টির ভ্রুকুটিতে ফের কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে একটি নিম্নচাপ। সোমবারের মধ্যে সেখানে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। অর্ণব ও মুরাসুরের পর এবার বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে আকভান। এটি ঠিক কোন দিকে এগোবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দফতর। তবে এই ঝড়ের প্রভাবে আসন্ন জগদ্ধাত্রী পুজোয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৮ এবং ১৯ নভেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনকি ১৯ নভেম্বর কলকাতার আকাশেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত কয়েকদিন ধরে কিছুটা ঠান্ডা অনুভূত হলেও, এই বৃষ্টির জেরে ফের তাপমাত্রা বেড়ে যাওয়ার পূর্বাভাস মিলেছে। গত শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক দুই ডিগ্রি বেশি। ফলে এই মুহূর্তে শীতের আমেজ ফিকে হয়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাই বেশি।

নভেম্বর ১৪, ২০২৬
দেশ

সিকিমে ভয়াবহ তুষারপাত! বরফের চাদরে আটকে ৩০০-র বেশি গাড়ি, মাঝপথে বিপাকে হাজার পর্যটক

ফের ভারী তুষারপাতের জেরে বিপর্যস্ত পূর্ব সিকিম। বরফের চাদরে ঢেকে গেল পাহাড়ি রাস্তা। আটকে পড়ল তিনশোরও বেশি গাড়ি। বিপাকে পড়লেন প্রায় এক হাজার পর্যটক। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালাতে হয় ভারতীয় সেনা, পুলিশ ও সিকিম প্রশাসনকে। শেষ পর্যন্ত প্রায় এক হাজার পর্যটককে উদ্ধার করে নিরাপদে গ্যাংটকে ফেরানোর ব্যবস্থা করা হয়।বৃহস্পতিবার বিকেলের পর থেকেই পরিস্থিতি সামাল দিতে বিশেষ অভিযানে নামে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস। নাথু-লা, শেরথাং, বাবা ধাম এবং ছাঙ্গু হ্রদ সংলগ্ন এলাকায় শুরু হয় উদ্ধারকাজ। রাত পর্যন্ত অভিযান চালিয়ে তিনশোর বেশি আটকে পড়া গাড়ি উদ্ধার করা হয়। তার মধ্যে প্রায় আড়াইশোটি ছিল পর্যটকদের গাড়ি। প্রতিটি গাড়িকে নিরাপদে সরিয়ে আনার ব্যবস্থা করেন সেনার জওয়ানেরা।সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ব সিকিমের উঁচু এলাকাগুলিতে তুষারপাত শুরু হয়। নাথু-লা, শেরথাং, বাবা ধাম এবং ছাঙ্গু হ্রদ এলাকায় বরফ পড়তে শুরু করে। তুষারপাতের খবর ছড়িয়ে পড়তেই ওই সব এলাকায় পর্যটকদের ভিড় বাড়তে থাকে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুষারপাতের পরিমাণও বাড়ে। দ্রুত বদলে যায় আবহাওয়া।পাহাড়ি এলাকায় তাপমাত্রা অনেকটা নেমে যায়। প্রবল ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। উঁচু এলাকায় বাতাসে অক্সিজেনের মাত্রাও কমে যায়। এর মধ্যেই রাস্তার উপর জমতে থাকে পুরু বরফ। ফলে যান চলাচল ক্রমশ কঠিন হয়ে পড়ে। কয়েকটি জায়গায় রাস্তার উপর প্রায় এক ফুট পুরু বরফ জমে যায়।শেরথাং চেকপোস্ট ও পুলিশ স্টেশনের কাছে জওহরলাল নেহরু রোডের ১৫ মাইল ও ১৩ মাইলের মাঝামাঝি থুলা খোলা এলাকায় পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। রাস্তা বরফে ঢেকে যাওয়ায় গাড়ির চাকা পিছলে যেতে থাকে। কোথাও কোথাও তৈরি হয় বিপজ্জনক ব্ল্যাক আইস। এই ধরনের বরফ বাইরে থেকে সাধারণ রাস্তার মতো দেখালেও অত্যন্ত পিচ্ছিল। ফলে চালকেরা গাড়ির নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় আর এগোতে পারেননি।এর পরই আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনা, পুলিশ ও প্রশাসন একসঙ্গে কাজ শুরু করে। বিশেষ অভিযানে একের পর এক গাড়িকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। শেষ পর্যন্ত প্রায় এক হাজার পর্যটককে নিরাপদে গ্যাংটকে ফেরানোর ব্যবস্থা করা হয়।উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও ভারী তুষারপাতের জেরে পূর্ব সিকিমে প্রায় তিন হাজার পর্যটক আটকে পড়েছিলেন। সে বারও ভারতীয় সেনার তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয়েছিল। ফের একই ধরনের ঘটনায় পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নভেম্বর ১৩, ২০২৬
কলকাতা

কালীঘাটের বাড়িতে হঠাৎ পুলিশ! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস, ২০ নভেম্বর থানায় তলব

পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে নতুন করে বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। সেখানে গিয়ে তাঁকে হাজিরার নোটিস দেওয়া হয়েছে। আগামী ২০ নভেম্বর গিরিশ পার্ক থানায় হাজিরা দিতে বলা হয়েছে সাংসদকে। পুলিশ সূত্রে খবর, অভিষেকের বাড়ির তরফে ওই নোটিস গ্রহণ করা হয়েছে।কী কারণে এই নোটিস? গত ২৯ অক্টোবর সংবাদমাধ্যমের সামনে অভিষেক অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। সরকার বদলের পর সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়।এর পর ৩১ অক্টোবর অভিষেকের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। ওই মামলাতেই শুক্রবার সন্ধ্যায় অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকেরা। তাঁকে থানায় হাজিরার নোটিস দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, আগামী ২০ নভেম্বর দুপুর ১টা নাগাদ গিরিশ পার্ক থানায় হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে পুলিশের এই নোটিসের জবাবে অভিষেক কী পদক্ষেপ করেন, এখন সেটাই দেখার।উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। তার মধ্যেই পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে নতুন করে পুলিশের নোটিস ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। নির্ধারিত দিনে তিনি থানায় হাজিরা দেন কি না, সেদিকেই নজর রয়েছে।

নভেম্বর ১৩, ২০২৬
কলকাতা

এ বার পুলিশের কাজকর্মেও নজর রাখতে পারবেন সাধারণ মানুষ! বাংলায় চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ, কী সুবিধা পাবেন?

পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ করতে নতুন উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে চালু হল পুলিশ মিত্র অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে কোন এলাকায় কোন পুলিশ আধিকারিক কর্মরত রয়েছেন, তা জানতে পারবেন সাধারণ মানুষ। এমনকি, কোন বিট অফিসার কোন দায়িত্বে রয়েছেন, সেই তথ্যও পাওয়া যাবে। পুলিশের কাজকর্মে স্বচ্ছতা বাড়ানো এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও মজবুত করতেই এই উদ্যোগ।এ দিন নবান্নের সভাঘর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অ্যাপ চালুর কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, পুলিশকে আরও জনমুখী করে তোলাই সরকারের লক্ষ্য। সাধারণ মানুষের জানা প্রয়োজন, তাঁদের এলাকার দায়িত্বে কোন পুলিশ আধিকারিক রয়েছেন। সেই তথ্য সহজে পাওয়া গেলে পুলিশের সঙ্গে মানুষের যোগাযোগও বাড়বে। প্রশাসনিক কাজেও আরও স্বচ্ছতা আসবে বলে মনে করছে রাজ্য সরকার।রাজ্যে পুলিশি ব্যবস্থার আধুনিকীকরণ নিয়েও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশের হাতে আধুনিক সরঞ্জাম তুলে দেওয়া থেকে শুরু করে পরিকাঠামোর উন্নতি, সব দিকেই নজর দেওয়া হচ্ছে। পুলিশের জন্য নতুন গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থার কথাও আগেই জানিয়েছিলেন তিনি।এ দিন রাজ্যে পুলিশকর্মীর অভাবের বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, পুলিশের কাজের পরিধি ক্রমশ বাড়ছে। কিন্তু সেই তুলনায় পর্যাপ্ত পুলিশকর্মী নেই। শুধু পরিকল্পনা করলেই হবে না, সেই পরিকল্পনা বাস্তবায়ন করাও জরুরি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করছে রাজ্য সরকার। পুলিশ আধিকারিকদের পাশাপাশি স্বরাষ্ট্রসচিবও গোটা কাজের উপর নজর রাখছেন।কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় নিয়েও এ দিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগের সরকারের আমলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যথেষ্ট সমন্বয় ছিল না। তবে নতুন সরকার কেন্দ্রের সঙ্গে যৌথ ভাবে কাজ করতে আগ্রহী। নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়ে কোনও তথ্য গোপন করতে চায় না রাজ্য। এই বিষয়ে ইতিমধ্যেই যৌথ সমন্বয় বৈঠকও হয়েছে বলে জানান তিনি।পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য হওয়ায় নিরাপত্তার বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী। সেই কারণে পুলিশি ব্যবস্থার উন্নতি এবং কেন্দ্রের সঙ্গে সমন্বয় বাড়ানোর উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। তবে নতুন সরকারের কাজের ফলাফল বিচার করার আগে আরও তিন মাস সময় দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

নভেম্বর ১৩, ২০২৬
রাজ্য

বক্সার জঙ্গলে আনা বাঘিনি কি অন্তঃসত্ত্বা ছিল? ঘুমপাড়ানি গুলির পর তিন শাবকের মৃত্যু, তদন্তে দিল্লির দল!

বক্সার জঙ্গলে বারবার পালিয়ে যাওয়া বাঘিনিকে ঘিরে রহস্য ক্রমশ বাড়ছে। বাঘিনিটি কি বক্সায় আনার আগেই অন্তঃসত্ত্বা ছিল? তাকে বারবার ঘুমপাড়ানি গুলি করে কাবু করার কারণে কি গর্ভেই মৃত্যু হয়েছে শাবকদের? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে বক্সায় পৌঁছেছে কেন্দ্রীয় বাঘ সংরক্ষণ সংস্থার একটি বিশেষজ্ঞ দল। দিল্লি থেকে আসা এই দলে রয়েছেন ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি এবং ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার বিশেষজ্ঞরা।সূত্রের খবর, বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছর বয়সি ওই বাঘিনিকে বক্সায় আনার জন্য চিহ্নিত করার সময়ই তার অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনার কথা সামনে আসে। আরও দাবি করা হচ্ছে, গত ৩ নভেম্বর অসমের রাইমোনা জাতীয় উদ্যানের কাছে গেলাগুড়ি গ্রাম থেকে বাঘিনিটিকে ঘুমপাড়ানি গুলি করে ধরা হয়। ওই রাতেই তাকে আবার বক্সার নির্দিষ্ট ঘেরাটোপে ফিরিয়ে আনা হয়। অভিযোগ, অসমে তাকে ঘুমপাড়ানি গুলি করার পর তার গর্ভে থাকা তিনটি ভ্রূণ নষ্ট হয়ে যায়।এই খবর সামনে আসতেই শুরু হয়েছে তীব্র চর্চা। যদিও বাঘিনির অন্তঃসত্ত্বা হওয়া বা তার গর্ভের শাবকদের মৃত্যুর বিষয়ে বন দফতরের আধিকারিকেরা এখনও কোনও তথ্য নিশ্চিত করেননি। বৃহস্পতিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের একাধিক আধিকারিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।বাঘ বিশেষজ্ঞদের একাংশের মতে, বাঘিনিটি সত্যিই অন্তঃসত্ত্বা হয়ে থাকলে তাকে অন্য জায়গায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ, জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের ২০১৯ সালের নির্দেশিকায় বলা হয়েছে, অন্তঃসত্ত্বা, শাবককে দুধ খাওয়াচ্ছে এমন বা ঋতুমতী বাঘিনিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যাবে না। সেই নির্দেশিকা মেনেই বাঘিনিকে স্থানান্তর করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ জানিয়েছেন, বাঘিনিকে ঘিরে ওঠা অভিযোগ সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য নেই। দিল্লি থেকে তদন্তকারী দল এসেছে। তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। তদন্তের রিপোর্ট হাতে এলেই প্রকৃত ঘটনা জানা যাবে।বনমন্ত্রীর আরও দাবি, বক্সার বাঘিনি, যাকে ডুয়ার্সরানি নামেও ডাকা হচ্ছে, বর্তমানে সুস্থ রয়েছে এবং বক্সাতেই আছে। সে যদি ওই জঙ্গলে স্থায়ী ভাবে থাকতে শুরু করে, তা হলে ভবিষ্যতে আরও বাঘ আনার পরিকল্পনা করা হবে।এ দিন বনমন্ত্রী নিজেও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে গিয়ে বাঘিনিটি যে এলাকায় রয়েছে, সেই এলাকা ঘুরে দেখেন। অন্য দিকে, বাঘিনিকে ঘিরে একের পর এক প্রশ্ন ওঠায় বন দফতরের অন্দরেও অসন্তোষ তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বন আধিকারিকের দাবি, তাঁরা জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের নির্দেশিকা মেনেই কাজ করছেন। বাঘিনির বয়স সম্পর্কে তাঁদের কাছে যে তথ্য দেওয়া হয়েছে, সেটাই তাঁরা মেনে নিয়েছেন।জানা গিয়েছে, বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বক্সায় আনার পর একাধিকবার বাঘিনিটিকে ঘুমপাড়ানি গুলি করে অচেতন করতে হয়েছে। কখনও রেডিয়ো কলার খুলে যাওয়ায় সেটি ঠিক করার জন্য, আবার কখনও বক্সা থেকে পালিয়ে অসমে চলে যাওয়ার পর তাকে ফিরিয়ে আনার জন্য এই পদক্ষেপ করা হয়। প্রতিবারই অচেতন করার পর জ্ঞান ফেরাতে ওষুধ দেওয়া হয়েছে।বাঘিনিটিকে বিহার, বাংলা ও অসমের মধ্যে সড়কপথে এবং আকাশপথে নিয়ে যাওয়া হয়েছে। বারবার স্থান পরিবর্তন, যাতায়াতের ধকল এবং ঘুমপাড়ানি ওষুধের প্রভাব তার শরীরে পড়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। সত্যিই কি বাঘিনিটি অন্তঃসত্ত্বা ছিল? তার গর্ভের শাবকদের কি মৃত্যু হয়েছে? নাকি এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন? আপাতত তদন্তকারী দলের রিপোর্টের দিকেই তাকিয়ে বন দফতর ও বন্যপ্রাণীপ্রেমীরা।

নভেম্বর ১৩, ২০২৬
দেশ

পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই উল্টো দিক থেকে এল ট্রাক! কাজিরাঙায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২৩

অসমের কাজিরাঙায় ভয়াবহ পথ দুর্ঘটনা। কন্টেনার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল একটি মিনিবাসের। এই দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনাগ্রস্ত বাসে বেশির ভাগ যাত্রীই পড়ুয়া ছিলেন বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।শুক্রবার দুপুরে কাজিরাঙার কোহরা রেঞ্জের রঙ্গাজান এলাকায় হাতিকুলি চা বাগানের কাছে ৭১৫ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিনিবাসটি বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি কন্টেনার ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ভিতরে আটকে পড়েন বহু যাত্রী।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশ ও উদ্ধারকারী দলকে। বাসের ভিতর থেকে আহতদের উদ্ধার করে প্রথমে কোহরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত কয়েক জনকে জোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাসে মোট কত জন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্ঘটনার সময় বাসটির গতি অত্যন্ত বেশি ছিল। কাজিরাঙা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় গতিসীমা নির্দিষ্ট থাকা সত্ত্বেও বাসটি দ্রুতগতিতে চলছিল বলে মনে করা হচ্ছে। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন অসমের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অতুল বোরা। তিনি উদ্ধারকাজের তদারকি করছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এখনও ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

নভেম্বর ১৩, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal